ফিলিস্তিনকে কখন স্বীকৃতি দেয়া হবে সেটিই প্রশ্ন : জাপানের প্রধানমন্ত্রী
নতুন পয়গাম,
নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর: জাপানের তরফে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়াকে সময়ের ব্যাপার বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে তিনি বলেছেন, ‘আমাদের দেশের জন্য প্রশ্নটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হবে কি-না তা নয়, বরং প্রশ্নটি হলো কখন দেওয়া হবে? রাষ্ট্রসঙ্ঘের প্রায় ৮০ শতাংশ সদস্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। গাজায় প্রায় দুই বছরের যুদ্ধে ইসরাইলি বাহিনীর নির্বিচারে হামলা এবং নারী ও শিশুসহ ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যুর পর দেশটিকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
শিগেরু ইশিবা বলেন, ‘ইসরাইলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে আমি অত্যন্ত ক্ষুব্ধ। যা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকেই স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলে মনে হচ্ছে।
ইসরাইল সরকারের অব্যাহত একতরফা পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের জন্য, প্রশ্নটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হবে কি-না তা নয়, বরং প্রশ্নটি হল তা কখন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে বাধা সৃষ্টি করে এমন আরো পদক্ষেপ নেয়া হয়, তাহলে জাপান এর জবাবে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।’
ইশিবা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলিস্তিনের টেকসইভাবে টিকে থাকতে পারা এবং ইসরাইলের সাথে পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারা।’
তিনি আরো বলেন, ‘আমরা ফিলিস্তিনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে তার ভূমিকা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফিলিস্তিনি পক্ষকে অবশ্যই এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যা জবাবদিহিতা নিশ্চিত করে।








