বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন
নতুন পয়গাম, বানারহাট: বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বানারহাট ব্লক অফিস সভাগৃহে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোরী ও মহিলাদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সচেতনতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারহাটের যুগ্ম বিডিও ইন্দিরা মুখিয়া। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর সুচিস্মিতা ভট্টাচার্য ঋতুস্রাবের সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ স্যানিটারি সামগ্রী ব্যবহার এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ঋতুস্রাব কোনও লজ্জার বিষয় নয়, এটি নারীদের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। সিনি সংস্থার পক্ষ থেকে লিম্পা সরকার বলেন, সমাজে এখনও ঋতুস্রাব নিয়ে নানা কুসংস্কার ও সংকোচ রয়েছে। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। অনুষ্ঠানে অভ্রাদ্দিন সরকার, হালিমা খাতুন, সাবিনা ওরাওঁ ও মারিয়ম হোরো উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ৬০ জন মহিলা অংশগ্রহণ করেন।








