বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ
নতুন পয়গাম, বানারহাট: বিশ্ব পরিবেশ দিবসের দিনেই গয়েরকাটায় একটি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা। গয়েরকাটা থেকে নাথুয়া যাওয়ার রাজ্য সড়কের ধারে, গয়েরকাটা হাই স্কুল স্টেডিয়ামের পিছনের এলাকায় একাধিক সেগুন গাছ রয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে ওই গাছগুলির মধ্যে একটি সেগুন গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে পরিবেশপ্রেমী সংগঠন গয়েরকাটা আরণ্য বিষয়টি মোরাঘাট রেঞ্জ অফিস কে জানায়। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে। সংগঠনের সদস্য কৌশিক বাড়ৈ বলেন, রাতের অন্ধকারে কীভাবে এত বড় গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে, তা দেখে আমরা বিস্মিত। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে এবং তারাও গুরুত্ব সহকারে তদন্ত করছে। দোষীদের চিহ্নিত করা গেলে কঠোর শাস্তির দাবি জানানো হবে। তিনি আরও বলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সকাল থেকে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলাম। বিকেলে এই ঘটনার খবর পেয়ে খুবই খারাপ লাগে। প্রাথমিকভাবে মনে হচ্ছে। পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে।
পরিবেশপ্রেমীদের দাবি। বনদপ্তর দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক। তদন্তের অগ্রগতির ভিত্তিতে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হবে বলে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বনজ সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য-এর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বনদপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।








