২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায়
নতুন পয়গাম,আব্দুল গফফার, হুগলিঃ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চায় নিবেদিতপ্রাণ কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায়কে ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা স্মারক সম্মাননা প্রদান করা হল। ১৩ জুন চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘ পাঠাগারের সভাকক্ষে এক সাহিত্য সমাবেশে কবির হাতে এই সম্মাননা তুলে দেয় চুঁচুড়া থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সাহিত্য পত্রিকা সাইন্যাপস্।
১৯৯০ সালে প্রকাশিত কল্প ত্রিপিটক থেকে শুরু করে সাম্প্রতিক কাব্যগ্রন্থ বাকমঞ্জরীর ঘ্রাণ এবং দীর্ঘ সাহিত্যযাত্রায় শতাধিক কবিতা ও একাধিক কাব্যগ্রন্থ রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায়। তাঁর এই নিরলস সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ সাইন্যাপস্ পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে কবির সাহিত্যকর্ম ও সৃজনভুবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বর্ষীয়ান কবি প্রভাত কুমার মিশ্র এবং কবি অসীম ভট্টাচার্য। তাঁরা বোধিসত্ত্ব মুখোপাধ্যায়ের কবিতার ভাষা, ভাবনা ও সাহিত্যিক অবদান সম্পর্কে আলোকপাত করেন।
কবির শৈশব ও শিক্ষাজীবন কেটেছে পান্ডুয়ার বেলুন গ্রাম এবং মগরায়। তবে তাঁর সাহিত্যচর্চার মূল কেন্দ্র ছিল চুঁচুড়া। সেই সূত্রেই সাইন্যাপস্ পত্রিকার সম্পাদক রাজীব ঘোষ ও সহ-সম্পাদিকা মৌসুমী ঘোষ তাঁকে এই সম্মানের জন্য নির্বাচিত করেন। অনুষ্ঠানে কবির হাতে মানপত্র, স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন সহ-সম্পাদিকা মৌসুমী ঘোষ যখন সম্মাননাপত্র পাঠ করে শোনান, তখন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায়কে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তাঁর সাহিত্যসৃষ্টি নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা এবং সম্মাননা প্রদানের মুহূর্তে উপস্থিত কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মধ্যেও আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সূচনা করেন বর্ষীয়ান কবি দীপক রায় তাঁর প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে। কবিকে ঘিরে স্বাগত ভাষণ দেন সহ-সম্পাদিকা মৌসুমী ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, সাহিত্যিক প্রবীর রায়চৌধুরী, রবীন্দ্র-গবেষক অতনু কুমার বসু, বর্ষীয়ান কবি সনৎ দে-সহ জেলার বহু কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী মানুষ।
সাহিত্যসাধনায় বোধিসত্ত্ব মুখোপাধ্যায়ের দীর্ঘ পথচলাকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠান এক উষ্ণ ও স্মরণীয় সাহিত্যিক মিলনমেলায় পরিণত হয়।








