ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডোমকল: ডোমকলে স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে এলেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ তিনি প্রথমে পৌঁছান গড়াইমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে হাসপাতালের পরিষেবা, পরিবেশ ও পরিকাঠামো ঘুরে দেখেন বিধায়ক। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে শোনেন অভাব-অভিযোগ। এরপর তিনি যান ভগীরথপুর স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেও রোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন।
এই দুটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান বিধায়ক। সেখানে সুপার ও বিএমওএইচ-এর (ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ) সঙ্গে বৈঠক করেন তিনি। চিকিৎসায় কোনো গাফিলতি যেন না হয় এবং সাধারণ মানুষ যেন সঠিক পরিষেবা পান— তা নিয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুস্তাফিজুর রহমান রানা। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি। অন্যদিকে, বিধায়কের এই আকস্মিক পরিদর্শনে খুশি রোগী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের কথায়, নিয়মিত এমন উদ্যোগ নেওয়া হলে এলাকার স্বাস্থ্য পরিষেবার মান অনেকটাই উন্নত হবে।








