কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: কুলতলি ব্লকের জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল নেতা কার্তিক সরদারকে। তিনি কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদারের কাকা ও শ্বশুর বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বারবার গাড়িতে করে ত্রাণসামগ্রী আসতে দেখা গেলেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের বহু পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান তাঁরা।
এদিকে বিজেপির কুলতলি বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী মাধবী মহলদার অভিযোগ করেন, সাধারণ মানুষের বিভিন্ন আবেদনপত্র, যা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির অফিসে থাকার কথা, সেগুলিও ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি পুলিশের পোশাকও পাওয়া গিয়েছে বলে দাবি তাঁর। এই ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কড়া সমালোচনা করেন তিনি। ধৃত কার্তিক সরদারকে কুলতলি থানা বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।








