আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা
নতুন পয়গাম, কলকাতা, ১ জুলাই: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করা দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গড়ের ফুলবাড়ী গ্রামের কৃতি কন্যা তাহুরা খাতুনকে মানবতা সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হল সল্টলেক সাই যুব ক্রীড়াঙ্গন কমপ্লেক্সে। তাহুরা খাতুন সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত 22nd Asian U-20 Athletics Championship-এর Women 4×400 Meter Relay ইভেন্টে স্বর্ণপদক জয় করে দেশকে গৌরবান্বিত করেছেন। তাঁর এই অসাধারণ আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘মানবতা সম্মাননা’ প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা-র সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা, সংস্থার সদস্য সুজাউদ্দিন মোল্লা এবং সাকিলুর হিরক। তাহুরাকে উত্তরীয়, ব্যাজ, পুষ্পস্তবক পরিয়ে সম্মান জানানোর পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা মানপত্র এবং ‘মানবতা সম্মাননা’ স্মারক (মেমেন্টো)।
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গড়ের ফুলবাড়ী গ্রামের এক কৃষক পরিবারে জন্ম তাহুরা খাতুনের। পিতা মীর তৈয়েব আলি একজন কৃষিজীবী। সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির জোরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জায়গা করে নিয়েছেন তাহুরা। বর্তমানে তিনি সল্টলেকের সাই কমপ্লেক্সে প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি অ্যাডামাস ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা বলেন, “তাহুরার মতো প্রতিভাবান ক্রীড়াবিদরা দেশের গর্ব। তাঁদের পাশে সমাজ ও সরকারের আরও দৃঢ়ভাবে দাঁড়ানো প্রয়োজন। বিশেষ করে আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ আরও উজ্জ্বল করবে। মানবতা সংস্থা সবসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মানুষদের সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।








