নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই
নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় অস্বস্তিতে তৃণমূল কর্মীরা। অভিযোগ অনেক জায়গাতেই তৃণমূল কর্মীদের ধরে মারধরও করা হয়েছে। এই অবস্থাতেও ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই আর মাঠে-ময়দানে দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। যা নিয়ে দলের বহু কর্মী, জনপ্রতিনিধিদের মনেও সংশয় দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনা। জানা গিয়েছে, তৃণমূল শিবিরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবার রাস্তায় নামছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার ৩০ শে মে প্রথম দফায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ এবং কলকাতার বেলেঘাটা বিধানসভা এলাকায় যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। উল্লেখ্য ৪ঠা মে ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল কার্যত ছন্নছাড়া। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলস্তরের কর্মীরা আক্রান্ত হলেও দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ কেন রাস্তায় নেমে নেতৃত্ব দিচ্ছেন না, তা নিয়ে দলের অন্দরেই চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। একই পথের পথিক দলের একাধিক পরাজিত প্রার্থী, কলকাতা পুরসভার দুই কাউন্সিলরও।শেষপর্যন্ত অবশ্য পথে নেমে দলের আক্রন্তদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন অভিষেক।








