নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ
নতুন পয়গাম, হাসান লস্কর বাবলু: প্রাকৃতিক দুর্যোগ আর ভৌগোলিক প্রতিকূলতাকে অনায়াসে জয় করে সুন্দরবনের প্রত্যন্ত সাগরদ্বীপের বুকে শিক্ষার নতুন আলোকবর্তিকা জ্বালিয়েছে জে.সি. মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে সিবিএসই বোর্ড অনুমোদিত একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় গড়ে তোলা যেখানে একসময় দুঃস্বপ্ন ছিল, আজ তা এক সফল বাস্তব। পূর্ণেন্দু মণ্ডলের দেখা সেই স্বপ্নকে বুকে নিয়ে তাঁর দুই সন্তান অতনু মণ্ডল ও শান্তনু মণ্ডলের অক্লান্ত পরিশ্রমে গঙ্গাসাগরের ছাত্র-ছাত্রীরা আজ নিজেদের এলাকাতেই বিশ্বমানের শিক্ষার সুযোগ পাচ্ছে। এর ফলে উন্নত শিক্ষার খোঁজে গ্রামীণ এলাকা ছেড়ে শহরের দিকে পাড়ি দেওয়ার বাধ্যবাধকতাও অনেকটা কমেছে।
হলিস্টিক এডুকেশনের অসামান্য অবদানের জন্য টাইমস বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫ পাওয়ার পর এবার এই স্কুলটির ঝুলিতে যুক্ত হয়েছে আরও একটি বড় সাফল্য। শত প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো জ্বালিয়ে রাখার স্বীকৃতিস্বরূপ কলকাতার তাজ রাজকুটির মিলনায়তনে আয়োজিত এক সাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে রিপাবলিক বাংলা শিক্ষার গৌরব-২০২৬ সম্মাননায় ভূষিত করা হল।

পুরস্কার গ্রহণ করে স্কুলের ডিরেক্টর অতনু মণ্ডল জানান, এই গৌরব শুধু স্কুলের নয়; বরং সমগ্র সাগরদ্বীপের প্রত্যেক ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের যৌথ লড়াই ও নিষ্ঠার ফসল। বিশ্বমঞ্চের উপযুক্ত করে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের গড়ে তোলার এই অনন্য প্রয়াস সত্যিই অত্যন্ত প্রশংসনীয় এবং সমগ্র বাংলার গর্ব।
আরও পড়ুন








