বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা
নতুন পয়গাম, এস রোজলিন, বাঁশদ্রোণী: ২৬ শে মে মঙ্গলবার তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ অভিভাবকদের। বাঁশদ্রোণীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। ১৩ ই মে বাঁশদ্রোণীর স্কুলে অসুস্থ হয়ে পড়ে আয়ুষ নাথ নামে ওই ছাত্র। পরিবারের অভিযোগ, স্কুলের সিঁড়িতে পড়েও যায়। কিন্তু তাকে স্কুলেই বসিয়ে রাখা হয়। পরে আরও অসুস্থ হলে বাড়িতে জানানো হয়। ১২ দিন এসএসকেএমে ভর্তি ছিল। সোমবার সেখানেই তার মৃত্যু হয়। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার সকালে অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুলের সামনে।এ দিন যখন স্কুলে অভিভাবকেরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত হন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। বিধায়ক বলেন, ‘প্রিন্সিপাল বরখাস্ত হোক, স্কুল ম্যানেজমেন্টও বরখাস্ত হোক।’ স্কুল থেকে বেরিয়ে থানায় যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। অভিভাবকদের একাংশ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই অব্যবস্থা চলছে এই স্কুলে। এই ঘটনায় মঙ্গলবার তিনজনকে আটক করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল সুস্মিতা চক্রবর্তী, ক্লাস টিচার ও স্কুলের ম্যানেজমেন্টের সদস্য শক্তিপদ জানা কে আটক করেছে নেতাজিনগর থানার পুলিশ।








