রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: দল ক্ষমতায় আসার প্রায় দেড় মাস পর এক অভিনব কায়দায় বিজয় উৎসব পালন করলো বড়জোড়া বিধানসভার তিন নম্বর মণ্ডলের বিজেপি নেতা,কর্মী ও সাধারণ সমর্থকরা।রক্ত ঝরিয়ে নয় ,রক্ত দানের মধ্যে দিয়ে আরেক জন মানুষের প্রাণ বাঁচানোর অঙ্গীকার এর মধ্যদিয়ে এবং রাজ্যে বিজেপি কে ক্ষমতায় আনার লড়াই এ যে সমস্ত বিজেপি কর্মীরা রাজনৈতিকভাবে শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে গতকাল বড়জোড়া বিধানসভার অন্তর্গত মন্ডল তিনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পখন্না উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে নারী পুরুষ মিলিয়ে প্রায় ১১০ জনের মত মানুষ রক্ত দান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক এর সভাপতি তাপস বসু, বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ, মন্ডল টু এর সভাপতি বাপ্পাদিত্য চন্দ্রধূর্য, বিষ্ণুপুর লোকসভার কনভেনার স্বরূপ ঘোষ, মন্ডল তিনের সভাপতি ধনঞ্জয় গরাই সহ একাধিক রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব। বিষ্ণুপুর সাংগঠনিকের সভাপতি তাপস বোস জানান গ্রীষ্মকালে ব্লাড ব্যাংক গুলিতে প্রতিবছরই রক্তের সংকট দেখা দেয়। তাই সেই সংকটকে মেটাতে এবং যাদের রক্ত ও ঘামের বিনিময়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে সেইসব লড়াকু কর্মী ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে এই রক্তদান কর্মসূচি।
তিনি আরো বলেন বিগত দিনে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছি যে যখনই কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তখনই বিজয় উৎসবের নামে বিরোধী রাজনৈতিক কর্মীদের রক্ত ঝরেছে। বহু মায়ের কোল খালি হয়েছে, অনাথ হয়েছে বহু পরিবার। কিন্তু বিজেপি কখনোই কোনরকম রাজনৈতিক হিংসাকে সমর্থন করেনি এবং আগামী দিনেও করবে না। মন্ডল তিনের বিজেপির নেতাও কর্মী ও সাধারণ সমর্থকদের উদ্যোগে রক্তদানের মধ্যে দিয়ে বিজয় উৎসব পালন রাজনীতির ইতিহাসে এক নতুন মাইলস্টোন হিসাবে পরিগণিত হবে। এদিনের অনুষ্ঠানে সব বক্তাই এই অভিনব কায়দায় বিজয় উৎসব পালনের ভাবনাকে সাধুবাদ জানান। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা রক্ত সংকট সাধারণ মানুষকে বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করবে। এদিনের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা মন্ডল টিমের সভাপতি ধনঞ্জয় গরাই জানান এলাকার একজন মানুষকেও যেন রক্তের অভাবে প্রাণ দিতে না হয় সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবে।








