কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ
নতুন পয়গাম, হাসান লস্কর, কুলতলী, ২২ মে: দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের মাধবপুরে একটি মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ২০০০ মুরগি পুড়ে মারা গেছে ও পুরো ফার্ম ধ্বংস হয়ে গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের একাংশের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল এবং সেই কারণেই গভীর রাতে কে বা কারা ফার্মে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফার্মে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও প্রায় ২০০০ মুরগি ও ফার্ম পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত চাষি কুলতলী থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।








