বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা
নতুন পয়গাম, নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে শনিবার বারুইপুরের অনিমা ভবনে এক সাংগঠনিক সভা, কৃতি সংবর্ধনা এবং সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্য কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক এম রুহুল আমিন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. নুরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলার সমন্বয়ক আব্দুর রহমান, ‘বাংলার রেনেসাঁ’ পত্রিকার সম্পাদক আজিজুল হক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শুভঙ্কর নাইয়া, লেখক সিদ্ধার্থ সিংহ, ‘সবার খবর’ পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য এবং কবি ও সমাজকর্মী গৌতম মণ্ডল-সহ বিশিষ্টজনেরা।
জেলা সদস্যদের পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে আসন্ন জেলা সম্মেলন আয়োজন এবং জেলা স্মরণিকা প্রকাশের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন ড. এমদাদ হোসেন। সহ-সভাপতি বিমল কুমার থান্দার, জেলা সমন্বয়ক সেখ জুলফিক্কার, সহ-সমন্বয়ক সাবানা খাতুন, কোষাধ্যক্ষ আফ্রুজা খাতুন। সদস্য হিসেবে মনোনীত হন হরিহর বৈদ্য, উজ্জ্বল বিশ্বাস, গোপাল চন্দ্র সরদার, বেনজির মানব, এম. সাহাউদ্দিন পিয়াদা, অমানুল্লা মল্লিক, নাজমা সুলতানা, নূর নবী জামাদার, সেখ আনোয়ার আলী, আকবর মোল্লা এবং প্রসেনজিৎ সরদার।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশের মাধ্যমে প্রান্তিক মানুষের জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বঙ্গীয় স্মারক সম্মাননা–২০২৬’ প্রদান করা হয় ‘আপনজন’ পত্রিকার সম্পাদক জাইদুল হককে। পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা পাঁচজন ছাত্রকে সংবর্ধনা জানানো হয়। কবিতা পাঠ, আবৃত্তি এবং সাহিত্যপ্রেমীদের মূল্যবান বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এম রুহুল আমিন ও সেখ জুলফিক্কার। ব্যবস্থাপনায় ছিলেন প্রসেনজিৎ সরদার এবং সাবানা খাতুন।









