ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ধূপগুড়ি পৌরসভার প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে শনিবার ১৬ নম্বর ওয়ার্ডের শেষ সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শহরের আবর্জনা ফেলার উদ্দেশ্যে পৌরসভার গাড়ি সেখানে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর আগে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের জন্য ওই জমি অধিগ্রহণ করা হলেও এলাকাবাসীর তীব্র আন্দোলনের কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। এরপর দীর্ঘদিন ধরে জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের দাবি, প্রশাসনের তরফে ওই জমিতে অন্য কোনও জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না করে ফের সেখানে আবর্জনা ফেলার উদ্যোগ নেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
বাসিন্দাদের বক্তব্য, প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ডের আশপাশে প্রায় ৫০০ পরিবারের বসবাস। এছাড়াও কাছেই রয়েছে রেলস্টেশন, একটি ব্যস্ত সড়ক এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন। তাঁদের আশঙ্কা, ডাম্পিং গ্রাউন্ড গড়ে উঠলে পরিবেশ দূষণ বাড়বে এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট এলাকাও পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। তবে আলোচনার পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, কোনও অবস্থাতেই ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ বা আবর্জনা ফেলার কাজ করতে দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।








