ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম
নতুন পয়গাম, বানারহাট: ডুয়ার্স বানারহাট ব্লকের পশ্চিম খয়েরকাটা এলাকায় চিতাবাঘের হামলায় এক ব্যক্তি গুরুতর জখম হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পরিমল রায় (৪৩) নামে এক ব্যক্তি নিজের জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে একটি গবাদি পশুও ছিল। অভিযোগ, হঠাৎই একটি চিতাবাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর উপর হামলা চালায়। চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হন পরিমল রায়। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে ধুমপাড়া সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান নাথুয়া রেঞ্জের বনকর্মী এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। বনদপ্তর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে চিতাবাঘের হামলার ঘটনায় পশ্চিম খয়েরকাটা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে খাঁচা বসিয়ে প্রাণীটিকে আটক করার ব্যবস্থাও করা হতে পারে।








