নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত
নতুন পয়গাম, বানারহাট, ৮ জুন: ভেঙে পড়ে রয়েছে সেতু। আর তার জেরেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাভা জনজাতির মানুষজন। জরুরি প্রয়োজনে রোগী, প্রসূতি মা ও বৃদ্ধদের জঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে দিন দিন বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
গত ৫ অক্টোবর পাহাড় ও সমতলে টানা বৃষ্টির ফলে উত্তর চানাডিপা এলাকার নানাই নদীর উপর অবস্থিত সেতুটি ভেঙে যায়। ওই সেতুই ছিল রাভা বস্তি ও আশপাশের এলাকার মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত সেতু সংস্কার বা নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে জঙ্গলের মধ্য দিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা।
এই পথে যাতায়াতের সময় বহুবার বন্যপ্রাণীর, বিশেষ করে হাতির মুখোমুখি হতে হচ্ছে বলেও দাবি এলাকাবাসীর। গ্রামবাসী সুরেশ রাভা, দিপু উড়াওয়ের অভিযোগ, একাধিকবার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
বিশেষ করে রাতের বেলায় কোনও প্রসূতি মা বা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হলে মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া জঙ্গলের রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ধূপগুড়ি বা বীরপাড়া হাসপাতালে পৌঁছাতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।
এই পরিস্থিতিতে দ্রুত সেতু নির্মাণ বা যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি তুলেছেন রাভা জনজাতির মানুষজন। তাঁদের বক্তব্য, সেতুর অভাবে প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে এবং যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।








