প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন সচিব ও সভাপতি টুটু বসু
নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: কলকাতার ময়দানে ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের একটি অতি পরিচিত নাম স্বপন সাধন বসু, যিনি টুটু বসু নামে পরিচিত। তিনি একবিংশ শতাব্দীতে মোহনবাগানকে এক পেশাদার ক্লাব হিসেবে গড়ে তোলেন। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই ক্রীড়া প্রশাসক।
১২ই মে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া প্রশাসক ৭৮ বছর বয়সে। দীর্ঘ সময় ছিলেন বাংলার ক্রীড়া জগতের অভিজাত ক্লাব মোহনবাগানের সচিব এবং সভাপতি। বুধবার ময়দানের মোহনবাগান ক্লাবে তাঁর মরদেহ আনা হলে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামানিক এবং বিভিন্ন ক্লাবের কর্তা থেকে সাধারন ক্রীড়া প্রেমী। টুটু বসুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে। শুধু মোহনবাগান নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারাও এই প্রবীণ প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।মোহনবাগান ক্লাবে মোহনবাগান রত্ন পুরস্কার তাঁর হাত ধরেই শুরু হয়েছিলো। তিনি নিজের বাড়ির মতই মোহনবাগান ক্লাবকে ভালো বাসতেন । ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি মোহনবাগানের সচিব ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ফের তিনি সচিব নির্বাচিত হন। দায়িত্ব সামলেছিলেন দু’বছর। এরপর ২০২০-২২ এবং ২০২২-২০২৫, দু’দফায় ফের তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের । বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপন সাধন বসু(টুটু বসু) মহাশয়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।








