ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ফলতা, ২১ মে: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। গত ২৯ এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন পুরো কেন্দ্রের ভোট বাতিল করে। সেই প্রেক্ষিতে আজ পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। হাসিমনগর হাই স্কুল, শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় ও বানেশ্বরপুর আদর্শ বিদ্যামন্দিরসহ ২৮৫টি বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলে। ভোটাররা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের ভয়ে তাঁরা ভোট দিতে পারেননি। এদিন কোনও ভীতি নেই বলে উল্লেখ করে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন তাঁরা। ভোটারদের দাবি, দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে সন্ত্রাস চলায় ভোটাধিকার প্রয়োগে বাধা পেতেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত মঙ্গলবার তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান প্রার্থীপদ প্রত্যাহার করেন। পুনর্নির্বাচনের দিন সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। ফলে ফলতায় মূল লড়াই এখন বাম ও বিজেপির মধ্যে। এখানে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা, সিপিএমের প্রার্থী শম্ভুনাথ কুড়মি এবং কংগ্রেসের প্রার্থী আব্দুর রজ্জাক। ফলতা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৪৪৪ জন। প্রচণ্ড গরম উপেক্ষা করে ‘নির্বিঘ্নে ভোট দিতে পেরে’ খুশি ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি বুথে আধাসেনা মোতায়েন ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।








