এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর?
নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: গঙ্গাসাগর এবার রেল পথে যুক্ত হতে পারে। ৬ ই জুন শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাবই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে গঙ্গাসাগরে রেল যোগাযোগের জন্য প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে,আগামী বাজেটেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করতে পারে রেল।প্রতি বছর পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে গঙ্গাসাগরে। শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময়েই নয়, বছরের বিভিন্ন সময়েই ভিড় থাকে মানুষের। তবে রেলপথে গঙ্গাসাগর যাওয়ার উপায় নেই। যেতে হলে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে কাকদ্বীপ বা নামখানাগামী ট্রেনে উঠতে হয়। নামতে হয় কাকদ্বীপ স্টেশনে। সেখান থেকে অটোয় বা টোটোয় চেপে যেতে হয় লঞ্চঘাটে । সেখান থেকে ভেসেল বা লঞ্চে চেপে যেতে হয় কচুবেড়িয়া। তার পরে আবার বাসে চেপে পৌঁছতে হবে গঙ্গাসাগর। সড়কপথে ও গঙ্গাসাগরে পৌঁছানো অনেক বার রুট এবং গাড়ি বদল করতে হয়।
যাতায়াতের ঝক্কি ঝামেলা অনেকটাই। বিশেষ করে বয়স্ক বা বাচ্চাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। ২০২৭ সালের কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশের আগেই হয়ত এই রেলপথ নিয়ে কাজ শুরু হয়ে যাবে। রেলের মানচিত্রে যুক্ত হবে গঙ্গাসাগর।এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৈঠক শেষে তিনি বলেন, ‘গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। এই প্রকল্পের প্রতি মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহ দেখিয়েছেন এবং ভবিষ্যতে এটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিবেচনা করা হবে।’এছাড়াও অন্যান্য পরিকাঠামো ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।








