আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে
নতুন পয়গাম, কুলতলী: আবাস যোজনার টাকা এবং কাটমানির অর্থ ফেরতের দাবিতে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের জালাবেড়িয়া-১ নম্বর পঞ্চায়েত এলাকার পালেরচক গ্রামে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো স্থানীয় বাসিন্দা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা ফেরত পাওয়া যায়নি বলে দাবি তাদের অভিযোগ। এরই প্রতিবাদে এদিন তারা তৃণমূল নেতা তথা জালাবেড়িয়া-১ নম্বর পঞ্চায়েতের প্রধান অসীম হালদারের ঘনিষ্ঠ সহযোগী উত্তম গায়েনের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করে। যদিও তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।








