বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন
নতুন পয়গাম, কলকাতা: শনিবার কলকাতার গিরীশ পার্কের কাছে প্রগেসিভ কমিউনিটি হলে ‘বই-ভবের বইপ্রকাশ’ শীর্ষক এক অনুষ্ঠানে একাধিক গ্রন্থের মোড়ক উম্মোচন, কবিতাপাঠ ও গ্রন্থসমালোচনা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সুশৃঙ্খল ও মনোগ্রাহী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক সায়ন্তন বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত চাকী, শমিকস্বপন ঘোষ, দেবারুন রায়, ড. মনোরঞ্জন সরদার, কবি অসীম কুমার মিশ্র, কবি চৈতালী রায়, লেখক সলিল বিশ্বাস, কবি লালমিয়া মোল্লা প্রমুখ। এদিন সুব্রত চাকীর ‘প্রতিদিন স্মৃতির মণিকোঠায়’ (দিনলিপির ডায়েরি সংকলন), সলিল বিশ্বাসের ‘টঙ্গাবতী থেকে ভাগীরথী’, অসীম কুমার মিশ্রের ‘ভিতর বাহিরে আছ তুমি’ ও লালমিয়া মোল্লার ‘সপ্তর্ষি পঙক্তিমালা’-এর মোড়ক উম্মোচিত হয়। প্রকাশিত বইগুলোর ওপর বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন শমিকস্বপন ঘোষ, দেবারুন রায়, ড. মনোরঞ্জন সরদার, আবীরলাল প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কবি চৈতালী রায়। প্রচলিত ধারার বাইরে এই নতুন আঙ্গিকের আয়োজনে সবার সন্তুষ্টি অর্জন করেন বই-ভবের কর্ণধার জসীমুদ্দীন মোল্লা।








