কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী ও শিশু রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলতলির গোদাবর এলাকার একটি ইটভাটায় তাঁরা শ্রমিক হিসেবে কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দালালদের মাধ্যমে মাথাপিছু পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে তাঁরা ভারতে এসেছিলেন। গত দুই থেকে তিন বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই অনুপ্রবেশের পিছনে কোনো বড় চক্র জড়িত কি না এবং এ বিষয়ে আর কাদের ভূমিকা রয়েছে— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকাবাসীর মধ্যে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে কুলতলি থানার পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বিবৃতি দেওয়া হয়নি।








