ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার
নতুন পয়গাম, ডোমকল, ৫ জুন: মুর্শিদাবাদ জেলার ডোমকলে দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বাসীর মোল্লা। তিনি ডোমকল ব্লকের ৫ নম্বর সারাংপুর অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাসীর মোল্লার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ডোমকল থানার পুলিশ। প্রাথমিক প্রমাণ মেলার পর বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (আজ) তাঁকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্ত এখনও প্রক্রিয়াধীন। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও অন্যদের সম্পৃক্ততার কথা সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে যেমন ক্ষোভ দেখা দিয়েছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা বা স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।








