বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ
নতুন পয়গাম, বহরমপুর: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যনিয়ন্ত্রণ, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানো, বিচারাধীন ব্যক্তিদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে বুধবার বহরমপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে রিভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি)। মিছিলটি সকালে টেক্সটাইল মোড় থেকে শুরু হয়ে গির্জার মোড় ও বাসস্ট্যান্ড পরিক্রমা করে পুনরায় টেক্সটাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বহরমপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন।
কর্মসূচিতে উপস্থিত আরএসপি জেলা সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা সাংবাদিকদের জানান, নবগঠিত সরকারের নজরে সাধারণ মানুষের এই দাবিগুলি পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন। তিনি বলেন, ‘ট্রাইবুনালে বিচারাধীন যোগ্য ব্যক্তিরা যাতে ভোটাধিকার ফিরে পান, সেটি আমাদের মূল দাবিগুলির মধ্যে একটি। পাশাপাশি পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তির প্রধান কারণ। হকারদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তাদের জীবনদুর্বিষহ হয়ে উঠবে।’ সফিউল্লা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জনগণের স্বার্থে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।’ তিনি আশ্বস্ত করেন, দাবিগুলি মানতে সরকারের বিলম্ব হলে পরবর্তী পর্যায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি তেলের দাম নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সরব হয়েছে। আরএসপির এই কর্মসূচিকেও তারই ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এদিনের মিছিল ও বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।








