ধূপগুড়িতে সিপিএমের মহামিছিল, ভোটের আগে শক্তি প্রদর্শন
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ ভোট আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই সপ্তাহের প্রথম দিনে জমকালো প্রচারে নামল সিপিআই(এম)। সোমবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায় বিশাল মহামিছিল সংগঠিত করে দলটি। ধূপগুড়ি সিনেমা হল পাড়া এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নিরঞ্জন রায়-এর সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে মিছিলের প্রথম সারিতেই ছিলেন তিনি নিজে।
এছাড়াও উপস্থিত ছিলেন দলের নেতা জয়ন্ত মজুমদার, সলিল আচার্য্য, তুষার বসু এবং প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ একাধিক নেতৃত্ব। মিছিল চলাকালীন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ হাত নেড়ে সমর্থন জানান বাম প্রার্থী ও কর্মীদের। রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে ক্ষমতাচ্যূত হওয়ার পর এই প্রথম এত বড় আকারে মিছিল সংগঠিত করতে সক্ষম হয়েছে বামেরা। একই দাবি করেছে সিপিএম নেতৃত্বও।
এদিনের মিছিল থেকে পরিবর্তনের ডাক দেন বাম নেতৃত্ব। রাজ্যে বিকল্প সরকার গঠনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের সমর্থন প্রার্থনা করা হয়। দীর্ঘদিন পর এত বড় জমায়েত হওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল স্পষ্ট উচ্ছ্বাস। ভোটের আগে এই শক্তি প্রদর্শন রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।








