আগ্রাসনের জবাব ভয়াবহ হবে: জাতিসংঘে হুঁশিয়ারি দিলেন লাভরভ
আন্তর্জাতিক ডেস্ক
নতুন পয়গাম, জাতিসঙ্ঘঃ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা বিশ্বকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব ভয়াবহ হবে। গতকাল শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।
লাভরভ বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে কঠোর। বিশেষ করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের যাঁরা তাঁদের ভোটারদের বলছেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, তাঁরা নিঃসন্দেহে এটা জেনে রাখুন।”
তিনি স্পষ্ট করে সতর্ক করেন, “যদি আমাদের আকাশসীমায় কোনো উড়ন্ত বস্তু ভূপাতিত করার চেষ্টা করা হয়, তা যেকোনো বস্তুই হোক, সেটি হবে আমাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার বড় লঙ্ঘন। আমি মনে করি, যারা এ ধরনের চেষ্টা চালাবে, তারা খুবই পস্তাবে।”
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে লাভরভ আরও বলেন, “রাশিয়া কখনো ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো দেশগুলোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি এবং ভবিষ্যতেও এমনটা করার কোনো পরিকল্পনা নেই।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ার বিমান ভূপাতিত করাকে তিনি সমর্থন করেন। এর আগে তিনি রাশিয়ার সামরিক সক্ষমতাকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়েছিলেন। লাভরভ এ মন্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, “শুধু রাজনৈতিকভাবে অন্ধ মানুষই আশা করতে পারেন যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা করার আগে ইউক্রেনের যে সীমানা ছিল, তা তারা ফিরে পাবে।”
তিনি বিশেষভাবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সকে লক্ষ্য করে বলেন, তাঁর কথাবার্তা “যুদ্ধে উসকানিমূলক বক্তব্য” এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কিছু রাজনৈতিক নেতা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উসকে দিচ্ছেন।
তবে সবকিছুর মাঝেও লাভরভ জানান, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আশাবাদী। তিনি বলেন, আগামী কয়েক মাসে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে তৃতীয় দফার বৈঠক হবে এবং “দুই দেশের দূতাবাসের কার্যক্রম উন্নত করাই এই আলোচনার মূল লক্ষ্য।”








