বিরোধী নেতাদের জেলে ঢোকাতে চান ট্রাম্প
নতুন পয়গাম, ওয়াশিংটন:
সেনাবাহিনীর সদস্যদের অবৈধ আদেশ প্রত্যাখ্যান করার কথা বলে একটি ভিডিও পোস্ট করার পর বিরোধী ডেমোক্র্যাট পার্টির নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ওইসব ডেমোক্র্যাট নেতাদের একটি গোষ্ঠী ‘সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহী আচরণ’ করছেন, ‘যার শাস্তি মৃত্যুদণ্ড’ পর্যন্ত হতে পারে। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
দেড় মিনিটের এক ভিডিওয় ডেমোক্র্যাট নেতারা বলেন, ‘আমাদের মতো, আপনারাও এই সংবিধানকে রক্ষা ও সমর্থন করার শপথ নিয়েছেন। অথচ এই মুহূর্তে, সংবিধানের ওপর হুমকি আসছে দেশের ভেতর থেকে।’
এরপর ক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘রাষ্ট্রদ্রোহী আচরণ, যার শাস্তি মৃত্যুদণ্ড!’ তিনি এমন একটি মন্তব্যও পুনরায় পোস্ট করেন যেখানে বলা ছিল, ‘জর্জ ওয়াশিংটন এখন প্রেসিডেন্ট থাকলে এদেরকে ফাঁসিতে ঝোলাতেন!’
ট্রাম্পের এহেন বক্তব্যের পর ডেমোক্রেটিক সাংসদ হাকিম জেফ্রিস বলেছেন, ‘আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। সাংসদদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের জঘন্য ও অবমাননাকর মন্তব্য ও বিপজ্জনক মৃত্যুদণ্ডের হুমকির জন্য নিঃশর্ত নিন্দা জানাই।’








