রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর
নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: শনিবার বর্ধমান কালনা গেট চত্বরে বিজেপি কর্মীদের পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও সংখ্যালঘু উন্নমন মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠান থেকে একাধিক কড়া বার্তা দেন ক্ষুদিরাম টুডু। তিনি বলেন, রাজ্যের সকল অবৈধ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। কেউ সেগুলি পুনরায় খোলার চেষ্টা করলে বুলডোজার চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি রাজ্যের সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তৃণমূল কংগ্রেসের পাথ ফাইন্ডিং টিমের প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার কথা ওরা ভুলে গিয়েছে। বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে, ১১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। এসব লোক দেখানো বিষয়। বিজেপির কাছে এগুলো চলবে না।
সরকারি জমি দখল বিষয়ে কড়া অবস্থান নেন তিনি। বলেন, সরকারি জমি যারা দখল করে রয়েছে, তাদের উচ্ছেদ করা হবে। প্রয়োজনে সেখানে বুলডোজারও চালানো হবে। এসসি ও এসটি সার্টিফিকেট নিয়েও মন্তব্য করেন তিনি। ক্ষুদিরাম টুডু জানান, ২০১১ সালের পর থেকে যে সমস্ত এসসি, এসটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে, সেগুলির বিষয়ে তদন্ত চলছে। তার অভিযোগ, বহু ভুয়ো এসসি, এসটি সার্টিফিকেট ব্যবহার করে মানুষ সরকারি চাকরি করছেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গুজরাট মডেলে ডাবল ইঞ্জিন সরকারের মতো চালাতে চান পশ্চিমবঙ্গ বিজেপি সরকার।
তার দপ্তর সম্পর্কে তিনি বলেন, দপ্তরটি ঘুঘুর বাসা হয়ে উঠেছে, সব আগাছা পরিষ্কার করতে হবে। এই মঞ্চ থেকে তিনি কড়া ভাষায় বার্তা দেন, রং বদলাতে হবে, জামাও বদলাতে হবে, না হলে কপালে দুঃখ আছে। তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুদিরাম টুডু বলেন, বর্ধমান জেলায় যারা চার্চের জমি বেআইনিভাবে দখল করে আছে, তাদেরকে অবিলম্বে জমি ছাড়তে হবে; না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা দপ্তর খুব ভালভাবে কাজ করছে এবং সবাই কাজ করবে সঠিকভাবে বলেও তিনি জানিয়েছেন।








