ট্রাম্পের বিরুদ্ধে ২৫ মার্কিন প্রদেশে মামলা
নতুন পয়গাম, ওয়াশিংটন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ও প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সে দেশেরই ২৫টি অঙ্গরাজ্য। দরিদ্র মার্কিনিদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নেওয়ায় এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। প্রায় ৫ কোটি নিম্ন আয়ের মানুষের জন্য ব্যবহৃত এই খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন বন্ধ ঠেকাতে মার্কিন অঙ্গরাজ্যগুলো আদালতের শরণাপন্ন হয়েছে। তারা চায়, প্রশাসন যেন ৬০০ কোটি ডলার জরুরি তহবিল ব্যবহার করে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম চালু রাখে। এই প্রোগ্রাম ‘ফুড স্ট্যাম্প’ নামেও পরিচিত।

তবে মার্কিন কৃষিবিষয়ক দপ্তর জানিয়েছে, তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না এবং নভেম্বরে অর্থ ফুরিয়ে গেলে তা শেষ হয়ে যাবে। সংস্থাটি বলেছে, এই টাকা প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনে ব্যবহার হতে পারে। আর এটি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপের খেলা চলছে। প্রায় এক মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের অচলাবস্থা বা শাটডাউনেরও এখনো কোনো সমাধান হয়নি।
ইউএসডিএ-র প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে ২৫টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি এই মামলা করেছে। তাদের যুক্তি, প্রশাসন যদি জরুরি তহবিল ব্যবহার না করে, তবে তা আইন-বিরুদ্ধ হবে এবং কোটি কোটি আমেরিকান খাদ্য কেনার সামর্থ্য হারিয়ে ফেলবে। এই সুবিধা বন্ধ হলে জনস্বাস্থ্য ও জনকল্যাণ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সহায়তা বন্ধ মানেই অনাহার, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা। এমতাবস্থায় সবথেকে ক্ষতিগ্রস্ত হবে শিশু ও প্রবীণরা।








