কেন জলপাই গাছ ধ্বংস করে ইসরাইল?
নতুন পয়গাম, গাজাসিটি:
অধিকৃত পশ্চিম তীরে জলপাই ফল সংগ্রহের মৌসুম শুরু হতেই ফিলিস্তিনি কৃষক ও তাদের জলপাই গাছগুলোর ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে যায় বহুগুণে। এতে ফিলিস্তিনিদের জীবন-জীবিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফিলিস্তিনিদের জলপাই গাছের ওপর ইসরাইলিদের এত রোষ কেন?
জলপাই গাছে ইহুদি ও ইসরাইলি সেনাবাহিনীর হামলা এক বৃহত্তর পরিকল্পনার অংশ। যার মূল লক্ষ্য হল ফিলিস্তিনিদেরকে উপার্জন থেকে বঞ্চিত করা, তাদের ভয়-ভীতি দেখিয়ে তাদের ভূমি থেকে বিতাড়িত করা। জলপাই ফিলিস্তিনের সবচেয়ে মূল্যবান কৃষিজ ফসল এবং কয়েক লক্ষ পরিবারের আয়ের প্রধান উৎস। ফসল ধ্বংস করে বা চুরি করে ফিলিস্তিনি অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই প্রধান উদ্দেশ্য। এছাড়াও প্রতি বছর জলপাই বাগান ধ্বংস করে দেওয়ায় ফিলিস্তিনিরা রোজগারের কারণে জমি-ভিটে ছেড়ে অন্যত্র চলে যায়। তাদের ফেলে যাওয়া সবকিছু দখল করে বসতি স্থাপন করে ইহুদিরা। এছাড়াও জলপাই গাছ ফিলিস্তিনিদের কাছে শুধু একটি ফসল নয়, বরং এটি তাদের ঐতিহ্য, পূর্বপুরুষের স্মৃতি ও দৃঢ়তার (সুমুদ) প্রতীক। এই গাছগুলো ধ্বংস করে ফিলিস্তিনিদের মানসিকভাবে দুর্বল করে দেওয়াই লক্ষ্য।

ইহুদি সেটেলাররা জলপাই গাছ পুড়িয়ে দিচ্ছে, ফসল চুরি করছে এবং কৃষকদের ওপর শারীরিক হামলা চালাচ্ছে। বহু ফিলিস্তিনি কৃষক তাদের জমিতে প্রবেশ করতেই পারছে না। ইসরাইলি সেনা বাহিনী এই কাজে ইহুদিদেরকে সবরকম সহায়তা করে চলেছে। নিরাপত্তার জন্য হুমকির অজুহাতে ইসরাইলি সেনারা শত বছরের পুরোনো গাছ-সহ হাজার হাজার জলপাই গাছ ও বাগান ধ্বংস করে উজাড় করে দিচ্ছে।
এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের কারণে সেখানকার কৃষিভূমির প্রায় ৯৮.৫ শতাংশ ক্ষতিগ্রস্ত বা চাষের অযোগ্য হয়ে পড়েছে। গাজার কয়েক লক্ষ জলপাই গাছ ধ্বংস হয়েছে। সেখানকার মানুষেরা এখন বহু মূল্যবান জলপাই গাছকে জ্বালানির জন্য কাঠ হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের বিরুদ্ধে ইকোসাইড বা পরিবেশ হত্যার অভিযোগ এনেছে।
রাষ্ট্রসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনি কৃষকদের রক্ষা করতে ও আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। তাদের মতে, জলপাই ফসলের ওপর এই আক্রমণ হল ফিলিস্তিনিদেরকে তাদের জন্মভূমি থেকে উৎখাত করা, তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার অন্যতম অংশ।








