ট্রাম্প-শি বৈঠক দক্ষিণ কোরিয়ায়
নতুন পয়গাম, সিওল:
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষ হয়েছে। পৌনে দু-ঘণ্টা চলে এই বৈঠক। বৈঠক শেষে দুই নেতা বাইরে বেরিয়ে আসেন ও করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে শি-র কানে কানে কিছু বলতে দেখা যায়। এরপর ট্রাম্প শি-কে সিঁড়ি দিয়ে আগে নামতে দেন এবং নিজে পেছন পেছন নেমে আসেন। দুই নেতা যাঁর যাঁর গাড়িতে চড়ে চলে যান।
দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সপ্তাহের শুরুতে মালয়েশিয়ায় আসেন ট্রাম্প। সেখান থেকে তিনি জাপান যান, তারপর দক্ষিণ কোরিয়ায়। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই শি-র সঙ্গে তাঁর প্রথম মুখোমুখি বৈঠক। উল্লেখ্য, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উত্তর কোরিয়ার। আর আমেরিকার সঙ্গে মিত্রতার সম্পর্ক দক্ষিণ কোরিয়ার। তাই উত্তরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক একেবারেই সাপে-নেউলে।








