গাজায় এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছি, ইসরাইলি পার্লামেন্টে বুক ফুলিয়ে জানালেন নেতানিয়াহু
নতুন পয়গাম, তেলআবিব, ২০ অক্টোবর:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইলি সেনাবাহিনী। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার পার্লামেন্টে এই তথ্য জানিয়ে রীতিমতো গর্ব প্রকাশ করেন। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের অধিবেশনে এদিন নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র থাকলেও, অন্য হাত শান্তির জন্য প্রসারিত। দুর্বলের সঙ্গে নয়, শক্তিশালীর সঙ্গে শান্তি স্থাপন করুন। এখন ইসরাইল আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।
এদিন নেসেটের শীতকালীন অধিবেশনের শুরুতে ভাষণে নেতানিয়াহুর এই বক্তব্যে গাজায় চলা যুদ্ধবিরতি চুক্তির শর্ত ইসরাইল কতটা মেনে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরাইলের সাফাই হল, হামাসের হামলায় তাদের দু’জন সেনা নিহত হয়েছে। তারই প্রতিক্রিয়ায় গাজায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামাস বলছে, এমন কোনো হামলার তথ্য তাদের কাছে নেই।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাস প্রথমবার হামলা চালায়। যার পরিণামে প্রায় ১২০০ ইসরাইলি নিহত হয়। সেই রাত থেকেই টানা ২ বছর ধরে গাজায় লাগাতার প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি নিরীহ ও নিরস্ত্র গাজাবাসীকে হত্যা করেছে ইসরাইল। বেসরকারি হিসেবে গাজায় শহিদের সংখ্যা প্রায় আড়াই লক্ষ।
সম্প্রতি মিশরে গাজা শান্তি সম্মেলনে ২০ দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই সম্মেলনে অবশ্য হামাস ও ইসরাইল ছিল না। চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের সামরিক প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আলসিসি এবং ১৮ দেশের রাষ্ট্রপ্রধান। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে এই যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল এখনও নিয়মিত হামলা চালিয়ে গাজায় গণহত্যা চালিয়েই যাচ্ছে। অথচ ট্রাম্প বলছেন, এগুলো নাকি বিচ্ছিন্ন হামলা। যুদ্ধবিরতি পুরোদমে কার্যকর আছে।








