নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি কানাডার প্রধানমন্ত্রীর
নতুন পয়গাম, মন্ট্রিয়ল, ২০ অক্টোবর: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, তার সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করবে, যদি তিনি কানাডায় প্রবেশ করেন।
২০২৪-এর নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও তারা রীতিমতো বিভিন্ন দেশে অবাধে সফর করছেন। প্রায়ই আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন, চুক্তি করছেন। আমেরিকা তাদেরকে গ্রেফতার করছে না। উল্টে ইসরাইলের প্রতি বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে অনেক আগেই আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্পের আমেরিকা। একই মনগড়া অভিযোগে ইউনেস্কো এবং ইউনিসেফ ছেড়ে বেরিয়ে গেছে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কে পর্যন্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প।
এদিকে এক সাক্ষাৎকারে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জিজ্ঞেস করা হয়, কানাডা কি আইসিসির পরোয়ানা কার্যকর করবে? জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ, অবশ্যই, কানাডায় পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে।
২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, তারা এই মামলা চালিয়ে যাবেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আইসিজে তিন দফায় অন্তর্বর্তী নির্দেশিকা জারি করে ইসরাইলকে গাজায় যুদ্দ ও গণহত্যা বন্ধ করতে এবং গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে নির্দেশ দেয়। কিন্তু সেসবের কোনোটাই মানেনি ইসরাইল।
গত মাসে ২১ সেপ্টেম্বর কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো এবং অ্যান্ডোরা-সহ একঝাঁক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এই নিয়ে মোট প্রায় ১৬০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। তারপর রাষ্ট্রসংঘের ৮০তম বার্ষিক অধিবেশনেও একই প্রস্তাব পাস হয়। কিন্তু নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাব গেলে বরাবরের মতো এবারও ভেটো দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা আটকে দেয় আমেরিকা।








