প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের জেল
নতুন পয়গাম, প্যারিস:
ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির জেল হল। তার ৫ বছর কারাবাসের সাজা শুরু হবে মঙ্গলবার থেকে। দক্ষিণপন্থী রাজনীতিতে সারকোজি এখনো যথেষ্ট জনপ্রিয় ও প্রভাবশালী। রবিবার সাজা শোনার পর সারকোজি বলেন, এতে আমি ভীত নই। জেলে থাকাকালে বই লিখবেন বলেও জানান তিনি। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর ৭০ বছর বয়সি নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় প্যারিসের আদালত। যুদ্ধ-পরবর্তী ফ্রান্সের প্রথম কোনো প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত কোনো দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কারাগারে যাচ্ছেন তিনি।
২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১১ সালে আরব বসন্তের সময় লিবিয়ার দীর্ঘদিনের রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। সে সময় ন্যাটোর সামরিক হস্তক্ষেপে বিমান নিষিদ্ধ অঞ্চল কার্যকর হয়, যেখানে সারকোজির নেতৃত্বে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযোগ, ২০০৭ সালে ভোটের সময় তাকে জেতানোর জন্য বিপুল অর্থ দিয়েছিলেন লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি। যদিও সারকোজি এই অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন।








