২৩ বছর পর মুক্তি পেয়ে সেই নারীকেই বিয়ে
নতুন পয়গাম, রামাল্লা:
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মুক্তি পেয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি নাগরিক। এদেরই একজন হলেন আকরাম আবু বকর। তার বিরুদ্ধে তিন বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ইসরাইলের সামরিক আদালত। ২৩ বছর বন্দি থাকার পর ক’দিন আগে তিনিও মুক্তি পেয়েছেন। রবিবার মিশরের রাজধানী কায়রোতে পোঁছে বিয়েও করেছেন। নববধূ সে-ই নারী, যিনি তার বাগদত্তা স্বামীর জন্য দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করেছিলেন। অনির্দিষ্টকাল কারাগারে থাকায় ওই তরুণীকে অন্যত্র বিবাহ করে নিতে বার্তা পাঠিয়ে ছিলেন কারাবন্দি আবু বকর। কিন্তু সে কথা শোনেননি হবু স্ত্রী। অবশেষে সেই অপেক্ষার ফল পেলেন রবিবার। দু-জনের বিবাহ হল।
তবে অন্য এক সূত্রে খবর, প্রায় আড়াই দশক আগেই নাকি তাদের বিবাহ হয়েছিল। বাড়ির লোক প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় তারা আলাদা থাকতেন। জেলে যাওয়ার পর স্ত্রী’কে তালাক দেন আবু বকর, যাতে তাকে আজীবন একাকী হিসেবে কষ্টে কাটাতে না হয়। কিন্তু ওই নারী তার মনের মানুষকে ভুলে যাননি; তালাকও কবুল করেননি। অবিচল ভালবাসা নিয়ে জীবনের ২৩টি বছর নিঃসঙ্গ কাটিয়ে ফিরে পেলেন স্বামীকে।
ফিলিস্তিনের তুলকারামের বাসিন্দা আকরাম আবু বকর শুক্রবার মুক্তি পেয়ে ইসরাইলি কারাগার থেকে মিশরে নির্বাসিত হন। ৫০ বছর বয়সে কায়রোতে তারা ফের মুখোমুখী হয়ে পুনরায় বিবাহের সিদ্ধান্ত নেন। অনুপম পুনর্মিলনের এই ঘটনা গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের আশা ও বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে।








