ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল
নতুন পয়গাম, তেলআভিব:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে তুমুল হট্টগোল বেধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ। এরপর কয়েকজন সাংসদকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আয়মান ওদেহ এবং ওফের কাসিফ।
অভিযোগ, মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতায় বাধা দেন তারা। তারা হাতে ব্যানার উঁচিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এই হট্টগোলে ট্রাম্প বক্তৃতা থামাতে বাধ্য হন। সাংসদ আয়মান ওদেহ বলেন, “ভণ্ডামিরও একটা সীমা থাকা দরকার। কোনভাবেই যুদ্ধবাজ নেতানিয়াহু সরকারকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দেওয়া যায় না। কেবলমাত্র দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সঠিক বিচার, শান্তি, ও নিরাপত্তা আনা সম্ভব হবে।”
নেসেটে ভাষণে ট্রাম্প বলেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ‘ঐতিহাসিক ভোর’। নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ বলে অভিহিত করেন ট্রাম্প। তখনই পার্লামেন্টে উপস্থিত সাংসদদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের একসঙ্গে কাজ করাটা ‘অবিশ্বাস্য এক বিজয়’। এখন ইসরাইল এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য ‘স্বর্ণযুগ আসবে’।








