কাঁটাতারের বেড়া দেওয়ায় চাষের জমি হারানোর আশঙ্কা, সাগরপাড়া সীমান্তে গ্রামবাসীদের বিক্ষোভ বিএসএফ এর বিরুদ্ধে
সাগরপাড়া, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চকমথুরা ও সিংপাড়া সীমান্তে। রবিবার সকালে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, জিরো পয়েন্টে নয়, বরং অনেকটা ভিতরে গ্রামের জমির মধ্য দিয়ে বেড়া দেওয়া হচ্ছে, ফলে বহু চাষের জমি কাঁটাতারের ওপারে চলে যাচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ, “এভাবে বেড়া দিলে আমরা নিজেদের জমিতে সহজে চাষ করতে যেতে পারব না। নির্দিষ্ট সময়ে গেট খুললে তবেই যাওয়া যাবে—এটা অন্যায়।” তাঁদের দাবি, অবিলম্বে জিরো পয়েন্টে বেড়া সরিয়ে দেওয়া হোক এবং প্রয়োজনে পর্যাপ্ত গেটের ব্যবস্থা করা হোক, যাতে চাষীরা যাতায়াতে অসুবিধায় না পড়েন।
বিক্ষোভের ফলে কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ এবং বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিকরা। পরে বিএসএফের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে গ্রামবাসী, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ চলছে।
গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য— “জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া না দিলে কাজ বন্ধই থাকবে।”







