ইহুদি-বিদ্বেষ বাড়ছে মার্কিন মুলুকে
নতুন পয়গাম, নিউ ইয়র্ক:
আমেরিকার প্রায় ৫ হাজার প্রাপ্তবয়স্ক ইহুদির মধ্যে ৫৫ শতাংশই গত এক বছরে অন্তত একবার ইহুদিবিদ্বেষী আচরণের শিকার হয়েছেন। আরও ৫৭ শতাংশ অভিযোগ করেছেন, মার্কিন মুলুকে ইহুদিবিদ্বেষ বাড়তে থাকায় ট্রাম্পের দেশেও তাদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে। সোমবার ‘দ্য ল্যাটিন টাইমস’ এক প্রতিবেদনে এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে বলেছে, জরিপটি পরিচালনা করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। এতে দেখা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও গণহত্যার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিবিদ্বেষ অনেক বেড়ে গেছে। ২০২৪ সালে এই সংখ্যা ৯ হাজারেরও বেশি হয়েছে। ১৯৭৯ সালে ইরানে মার্কিন ও ইসরাইল বিরোধী ইসলামী বিপ্লবের পর যা সর্বোচ্চ।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আমেরিকায় বসবাসরত ইহুদি জনগোষ্ঠী এখন গভীর নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভুগছে। ৭৯ শতাংশ ইহুদি-বিদ্বেষ নিয়ে উদ্বিগ্ন। ৪৮ শতাংশ ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছেন। ৩৩ শতাংশ সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার। ১৪ শতাংশ আমেরিকা ছাড়ার চিন্তা করছেন এবং ৯ শতাংশ আত্মরক্ষার জন্য অস্ত্র কিনেছেন।








