নোবেল পুরস্কার ঘোষণা হবে আজ থেকে
নতুন পয়গাম, স্টকহোম:
বরাবরের মতো প্রথা মেনে আজ ৬ অক্টোবর থেকে নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা শুরু হবে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার শতাধিক বছরের পরম্পরা অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নাম ঘোষণা। সেই নিরিখে আজ সোমবার ঘোষণা করা হবে চলতি বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।
চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি — এই ছয়টি বিভাগে ছয় দিন ধরে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে। নোবেল পুরস্কার সুইডেনের প্রখ্যাত বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া বিপুল অর্থ সম্পদ থেকে দেওয়া হয়। উল্লেখ্য, আলফ্রেড নোবেল ডিনামাইট বোমার উদ্ভাবক ছিলেন।
তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। ১৯৬৮ সাল ব্যাংক অব সুইডেনের সিদ্ধান্তে অর্থনীতিতে নোবেল প্রদানের কথা ঘোষণা করা হয়।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউনের চেক অর্থমূল্য হিসেবে তুলে দেওয়া হবে। যা ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৩৮ লক্ষ ৩২ হাজার ১১৩ টাকা।








