তিন বছরের শিশুর ক্যালিওগ্রাফি নিয়ে ক্যারামতি
আন্তর্জাতিক ডেস্ক
নতুন পয়গাম, বেজিংঃ
চীনে মাত্র তিন বছরের এক শিশু এখন ইন্টারনেটের আলোচনার কেন্দ্রে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লাল রঙের লম্বা কাগজে একটানা ক্যালিগ্রাফি করছে সে। শিশুটি তুলি ধরেছে এমন স্বাভাবিক ভঙ্গিতে, যেন সেটা তার খেলার কোনো খেলনা বা ফিডার।
অবাক করার মতো বিষয় হলো, ছোট্ট হাতের সেই অদ্ভুত ভঙ্গি কোনোভাবেই তার লেখার সৌন্দর্যে ব্যাঘাত ঘটাচ্ছে না।
শিশুটির ডাকনাম ল্যাংল্যাং। সে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা। তার মা স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ল্যাংল্যাংকে কখনো আলাদা করে ক্যালিগ্রাফি শেখানো হয়নি। এমনকি যে অক্ষরগুলো সে লিখে যাচ্ছে, সেগুলোর অনেকগুলোর অর্থও সে জানে না।
তবে পরিবারে ক্যালিগ্রাফি চর্চা থাকায় ল্যাংল্যাং ছোট থেকেই তা দেখে এসেছে। মা বলছেন, “আমরা কখনো তাকে শেখানোর চেষ্টা করিনি। সম্ভবত ঘরে আমাদের কাজকর্ম দেখেই সে আগ্রহী হয়ে পড়েছে। এই বছরের শুরুতে হঠাৎ করেই নিজে থেকে তুলি হাতে নেয়।”
ভিডিওতে দেখা যায়, সে লাল কাগজে লিখছে, যেটিকে চীনা ভাষায় বলা হয় ‘চুনলিয়ান’। বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষে চীনারা শুভকামনার বার্তা লিখে দরজায় টাঙিয়ে রাখে এই বিশেষ কাগজ।
দর্শকদের সবচেয়ে বিস্মিত করেছে ল্যাংল্যাংয়ের লেখার বৈচিত্র্য। সে সহজ শৈলী থেকে শুরু করে জটিল কারসিভ ধরনেও লিখতে পারছে অনায়াসে।
ভিডিওর নিচে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এই বয়সে ওর এমন দক্ষতা সত্যিই অবিশ্বাস্য।” আরেকজন বলেছেন, “আমার লেখা এ বাচ্চার তুলনায় অনেক বেশি বিশ্রী।” আবার মজার ছলে কেউ কেউ লিখেছেন, “এত সুন্দর লেখালিখি কোরো না, আমাদের মতো বড়দের লজ্জা দিচ্ছ।”








