সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন শায়খ সালেহ বিন হুমাইদ
নতুন পয়গাম,রিয়াধ,আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই নিয়োগের তথ্য প্রকাশ করেছে।
দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের মৃত্যুর পর এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগের আগে শায়খ সালেহ মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।
শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম হিসেবে পরিচিত। তিনি বিচারক, শিক্ষাবিদ এবং ইসলামি চিন্তাবিদ হিসেবে সুপরিচিত। ১৯৯৩ সাল থেকে তিনি সৌদি মজলিস আল শুরার সদস্য এবং ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত এর স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি মক্কার মসজিদ আল-হারামের ইমাম, মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য এবং জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। এছাড়াও, তিনি ২০১৬ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে সার্ভিস টু ইসলাম পুরস্কার লাভ করেছেন।
ধর্মীয় আইনশাস্ত্রে তার গভীর জ্ঞান, প্রশাসনিক দক্ষতা, চার দশকের বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন এবং এ বছর হজের খুতবা প্রদানের সফল অভিজ্ঞতা—এই সমস্ত বিষয়ই তাকে এই পদটির জন্য যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।








