গাজাগামী ফ্লোটিলায় একাধিক ড্রোন বিস্ফোরণ
নতুন পয়গাম,আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে একাধিক ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্রিস উপকূলে গভীর রাতে এই বিস্ফোরণ শোনা যায়।
ফ্লোটিলার আয়োজক ও ফিলিস্তিনপন্থী কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় আকাশে ইসরাইলি ড্রোনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানিয়েছে, “একাধিক ড্রোন ও অজ্ঞাত বস্তু পড়তে দেখা গেছে। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বেশ কয়েকটি নৌযান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আমরা ভয় পাইনি, তবে সরাসরি হামলার মুখে আছি।”
তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে ফ্লোটিলাটি। এর লক্ষ্য ছিল অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া।
জার্মান মানবাধিকার কর্মী ও ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আকার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, “পাঁচটি জাহাজে হামলা করা হয়েছে। অথচ আমরা কেবল মানবিক সাহায্য বহন করছি। আমাদের সঙ্গে কোনো অস্ত্র নেই, আমরা কোনো হুমকিও নই। ইসরাইলই হাজার হাজার মানুষ হত্যা করছে এবং অনাহারে রাখছে।”
আগের এক ভিডিওতে তিনি আরও দাবি করেন, কর্মীরা অন্তত ১৫ থেকে ১৬টি ড্রোন আকাশে দেখতে পেয়েছিলেন।
বর্তমানে ঘটনাস্থল ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।








