ব্যাংককে হঠাৎ সড়ক ধস, ১৬০ ফুট গভীর গর্ত
নতুন পয়গাম, ব্যংকক, ২৪ সেপ্টেম্বর:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে একটি ব্যস্ত সড়ক ধসে গিয়ে ৫০ মিটার বা প্রায় ১৬০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সামসেন রোডে ভাজিরা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তায় ফাটল ধরছে, ভেঙে গর্ত তৈরি হচ্ছে এবং আতঙ্কে মানুষ ছুটে পালাচ্ছে। মুহূর্তেই গর্তটি পানিতে ভরে যায়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং ভাঙা পাইপ থেকে পানি বের হতে শুরু করেছে। একটি পিকআপ ট্রাক গর্তের ধারেই ঝুলতে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় পুলিশ স্টেশন, ভাজিরা হাসপাতাল এবং আশপাশের আবাসিক ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে।
ব্যাংককের ডিজাস্টার প্রিভেনশন ডিপার্টমেন্টের পরিচালক সুরিয়াচাই রাভিওয়ান জানিয়েছেন, সাম্প্রতিক ভারি বৃষ্টির কারণে লিক হওয়া পাইপ থেকে বের হওয়া পানি মাটি ক্ষয় করেছে। এর ফলে ধস নামে। ধসে যাওয়া অংশটি রাজধানীর চলমান আন্ডারগ্রাউন্ড সাবওয়ে প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল।
ভাজিরা হাসপাতাল, যা থাইল্যান্ডের একটি শীর্ষ মেডিক্যাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত, জানিয়েছে— নিরাপত্তার কারণে সাময়িকভাবে সেবা বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুত পুনরায় চালু করার চেষ্টা চলছে।
নোপ্রদেচ পিতপেং নামে হাসপাতালের এক কর্মী বলেন, “আমি সকালে হঠাৎ গর্জনের শব্দ শুনলাম। মুহূর্তেই আমার পুরো ফ্ল্যাট কেঁপে উঠেছিল। ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে।”
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এখনো ধসের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।








