ফিলিস্তিন ইস্যুতে রেড লাইন টানল ফ্রান্স ও সৌদি
পশ্চিম তীরে সম্প্রসারণে কড়া হুঁশিয়ারি
নতুন পয়গাম, রিয়াধ, ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্সসহ কয়েকটি দেশ। সম্মেলন শেষে আয়োজক ফ্রান্স ও সৌদি আরব ইসরাইলের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করেছে। তাদের বক্তব্য, পশ্চিম তীরে আর কোনো সম্প্রসারণ কার্যক্রম হলে ইসরাইলকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
যৌথ ঘোষণায় ফ্রান্স ও সৌদি আরব গাজায় তৎক্ষণাৎ সামরিক অভিযান বন্ধ, ইসরাইলি জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পশ্চিম তীর ও গাজা মিলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জানিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো।
সম্মেলনে বেলজিয়াম, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, মোনাকো ও মাল্টা ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য ও পর্তুগালও একই ঘোষণা দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, “আমরা চাই আল আকসা অঞ্চলে দুটি রাষ্ট্র পাশাপাশি টিকে থাকুক—একটি ইসরাইল, অপরটি ফিলিস্তিন।”
ইসরাইল ও যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করে। ইসরাইলি প্রতিনিধি ড্যানি ডেনন একে ‘সার্কাস’ আখ্যা দিয়ে দাবি করেন, এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার প্রচেষ্টা। তবে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন বলেন, “আমরা ইসরাইলের বিরুদ্ধে নই; নেতানিয়াহুর সরকারের কর্মকাণ্ডই আমাদের এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতির এ ধারা আন্তর্জাতিকভাবে ইসরাইলের ওপর নতুন চাপ তৈরি করেছে।








