ট্রাম্পের কনভয়ে আটকে হাঁটাপথে ফরাসি প্রেসিডেন্ট
নতুন পয়গাম, নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়ের জন্য দীর্ঘক্ষণ রাস্তায় আটকে রইলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতেই বসেছিলেন তিনি। এই অবস্থায় বাধ্য হয়ে এক সময় ট্রাম্পকে ফোনও করেন তিনি। তারপর হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। পথে সাধারণ মানুষের ছবি, সেলফির আবদারও মেটান ম্যাক্রঁ। সোমবার রাতে এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নিউ ইয়র্ক।
রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন শেষে দূতাবাসে ফিরছিলেন ফরাসি প্রেসিডেন্ট। আচমকা তাঁর পথ আটকায় নিউ ইয়র্ক পুলিশ। বাধ্য হয়ে গাড়ি থেকে নামেন ম্যাক্রঁ। পুলিশের কাছে গিয়ে যানজটের কারণ জিজ্ঞাসা করলে জানতে পারেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয় এই রাস্তা দিয়ে আসবে। তাই ট্র্যাফিক জাম। পুলিস অফিসাররা ফরাসি প্রেসিডেন্টের কাছে এজন্য দুঃখ প্রকাশ করে বলেন, আপাতত সব রাস্তা বন্ধ থাকবে। এই রাস্তা দিয়েই ট্রাম্পের কনভয় যাওবার বিষয়টি জানতে পেরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন। রাস্তায় দাঁড়িয়েই কথা বলতে থাকেন তিনি।
ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে হাল্কা মেজাজে ট্রাম্পকে বলেন, কী হয়েছে জানেন? আপনার কনভয়ের জন্য সব রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ আছে। আমিও রাস্তায় আটকে রয়েছি। কিছুক্ষণ পর রাস্তা খুলে গেলেও অভিমানে ফরাসি প্রেসিডেন্ট আর গাড়িতে ওঠেননি। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে পায়ে হেঁটেই কনসুলেটের দিকে এগিয়ে যান।








