এবার পর্তুগালের স্বীকৃতি
ফিলিস্তিন কখনই রাষ্ট্র হবে না: নেতানিয়াহু
নতুন পয়গাম,
তেলআবিব, ২২ সেপ্টেম্বর: আমেরিকা ও ইসরাইলকে বুড়ো আঙুল দেখিয়ে ফিলিস্তিনকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে মর্যাদা বা স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। সোমবার পর্তুগালও স্বীকৃতি দেয়। এই নিয়ে মোট ১৫১টা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। এছাড়াও বেশ কয়েকটি দেশ চলতি সপ্তাহেই ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। জবাবে ওইসব দেশগুলোকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র-এর মর্যাদা দিয়ে কার্যত সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করা হল। তাঁর কথায়, আপনারা যতই স্বপ্ন দেখুন, ফিলিস্তিন কখনই রাষ্ট্র হবে না। একসঙ্গে ৪টি দেশের দেওয়া এই স্বীকৃতিকে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা বলেছেন নেতানিয়াহু।
রবিবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া। সোমবার স্বীকৃতি দিয়েছে ইউরোপের আর এক দেশ পর্তুগাল। ফ্রান্স-সহ আরো কিছু দেশ এই সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে। রবিবার ইসরাইলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হবে, বিপদ ডেকে আনবে। তাই ফিলিস্তিনকে কখনোই রাষ্ট্র হতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, রাষ্ট্রসংঘে আমি সত্য তুলে ধরব। অশুভ শক্তি হামাস-এর বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি। তারপর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।








