ইরান-রাশিয়া পরমাণু চুক্তি
মস্কো সফরে তেহরানের প্রতিনিধিদল
নতুন পয়গাম, মস্কো, ২২ সেপ্টেম্বর:
কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করতে চলেছে ইরান ও রাশিয়া। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামীর নেতৃত্বে সোমবার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মস্কো পৌঁছান। তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর মস্কোতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব পারমাণবিক সপ্তাহ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন তারা।
এদিন মস্কো বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে এসলামী বলেন, দুই দেশের সরকারের মধ্যে একটি চুক্তি রয়েছে, যেখানে রাশিয়ার পক্ষ থেকে আটটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে, যার মধ্যে চারটি হবে ইরানের বুশেহর শহরে। চুক্তির দ্বিতীয় অংশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আলোচনা ও সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণের জন্য স্থান নির্বাচন, প্রস্তুতি ও সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই সপ্তাহেই চুক্তি চূড়ান্ত হবে। তারপর নকশা, প্রকৌশল এবং অন্যান্য কার্যক্রমের জন্য স্বয়ংক্রিয়ভাবে অপারেশনাল পর্ব শুরু হয়ে যাবে।








