পার্লামেন্টে মহিলা সংরক্ষণের দাবিতে বিক্ষোভ নাইজেরিয়ায়
নতুন পয়গাম, আবুজা,
২২ সেপ্টেম্বর: নাইজেরিয়ার পার্লামেন্টের উভয়কক্ষে মহিলাদের জন্য আসন সংরক্ষণের দাবিতে বিক্ষোভ দেখালেন নারীরা। সোমবার দেশটির রাজধানী আবুজা শহরে অবস্থিত পার্লামেন্টের বাইরে হাজার খানেক মহিলা এই বিক্ষোভে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মহিলা সাংসদও। সেনেগাল থেকে রুয়ান্ডা পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ সংরক্ষণ দিয়ে মহিলা সাংসদের সংখ্যা বাড়িয়েছে। কিন্তু নাইজেরিয়ার সংসদে এখনও পর্যন্ত মহিলাদের জন্য আসন সংরক্ষিত হয়নি।
দেশটির পার্লামেন্টের উভয়কক্ষ মিলিয়ে মোট সাংসদ ৪৬৯। তার মধ্যে মহিলা মাত্র ২০ জন। বিক্ষোভকারীদের নেত্রী ডরোথি এনজেমাজে বলেন, আমরা চাই পার্লামেন্ট জনগণের কল্যাণে কাজ করুক। আর জনগণ বলতে বোঝায় নারী এবং পুরুষ উভয়কেই। তাই মহিলা সাংসদ যেহেতু খুবই কম, সেজন্য মহিলাদের জন্য সংসদে অন্তত ১০ শতাংশ আসন সংরক্ষিত করা হোক। গত কয়েক বছরে দেশটিতে একই দাবিতে কয়েক দফা বিক্ষোভ হলেও তা ব্যর্থ হয়। সরকার এখনও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ করেনি। উল্লেখ্য, ভারতে এখনও মহিলাদের জন্য পার্লামেন্টে আসন সংরক্ষণ আইনিভাবে কার্যকর হয়নি। এই মুহূর্তে লোকসভায় ৭৮ এবং রাজ্যসভায় ২৪জন মহিলা সাংসদ এবং কেন্দ্রে মোট ৬জন মহিলা মন্ত্রী রয়েছেন।








