সুকান্ত মহাবিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা দিবসে দুস্থদের হাতে খাদ্য ও বস্ত্র বিতরণ
প্রীতিময় সরখেল
নতুন পয়গাম, জলপাইগুড়ি:
সুকান্ত মহাবিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে মাটিয়ালী ব্লকের বড়দিঘি চা–বাগানের প্রায় ৪০টি দুস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. নীলাংশু শেখর দাস, অধ্যাপক ড. চঞ্চল সিনহা, সরণি চক্রবর্তী, বিকাশ কলি বর্মন ও ড. বিকাশ রায়। পূজার আগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন পোশাক পেয়ে খুশি পরিবারগুলি।
এদিনের কর্মসূচিতে অতিথি হিসেবে যোগ দেন মাটিয়ালী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনোজ মাহালী ও এলাকার পঞ্চায়েত সদস্য প্রমিলা ওরাঁও।
অধ্যক্ষ ড. নীলাংশু শেখর দাস বলেন, “কলেজের প্রতিষ্ঠা দিবসে শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত উদ্দেশ্য। আগামী দিনেও এ ধরনের সামাজিক উদ্যোগে আমরা আরও বেশি করে শামিল হব।”
কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিষ্ঠা দিবসে সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়েই তাঁরা কলেজের অঙ্গীকারকে নতুনভাবে স্মরণ করেন।








