নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: দিন কয়েক আগে নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার বারুইপুরে এসে সেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার সুপারের দফতরে পুলিশের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই ঘটনায় এখনও অপরাধী ধরে পড়েনি। অপরাধী যাতে দ্রুত ধরা পড়ে, সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন তিনি। নারী নির্যাতন নিয়ে নতুন সরকারের কড়া অবস্থান স্পষ্ট করে দেন মন্ত্রী। যে কোনও পরিস্থিতিতেই পুলিশকে জিরো এফআইআর নিতেই হবে বলে জানিয়ে দেন।
মন্ত্রী বলেন, “নারী নির্যাতনের ক্ষেত্রে অনেক সময়েই এই থানা-ওই থানা করে ঘোরানো হয়। আর সেটা করা যাবে না। পুলিশ আগে জিরো এফআইআর করে তদন্ত শুরু করবে। তারপর নিয়ম মেনে তদন্ত এগোবে।” নারী নির্যাতনের ক্ষেত্রে নির্যাতিতার প্রতি প্রশাসনকে সংবেদনশীল হতে হবে বলেও জানান তিনি। নাবালিকা নির্যাতনের ক্ষেত্রে মায়েদের আরও সতর্ক থাকতে হবে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে মায়েদের প্রশিক্ষণের ব্যাপারেও সরকার উদ্যোগী হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, নরেন্দ্রপুরের ঘটনাটির তদন্ত চলছে। অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হবে।অন্যদিকে এ দিন ডিএ নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী। এ দিনের ক্যাবিনেট বৈঠকে ডিএ নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় সরকারি কর্মীদের অনেকেই হতাশ। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রতি সোমবার কিছু আশা করে বসলে মুস্কিল। সব হবে ধীরে ধীরে।” এই প্রসঙ্গেই বিজেপি সরকার এখনও ২৫-৩০ বছর থাকবে বলে দাবি করেন তিনি। দেখার বিষয় ওই পরিবার কতটুকু সহযোগিতা পায় তার সময় বলবে।








